
নিউজগার্ডেন ডেস্ক: প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত উপজেলাসমূহে ত্রাণ সহায়তা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
দুর্গত এলাকায় সাধারণ মানুষ ও গবাদিপ্রাণি অবর্ণনীয় দুর্ভোগের শিকার। খাবার, পানীয়জল, স্যানিটেশনসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উপজেলায় রান্নাকরা খাবার, শুকনো খাবার ও ঔষধ, গবাদিপ্রাণির খাবার ও ঔষধসামগ্রী নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচি চলবে প্রায় সপ্তাহব্যাপী।
আগামীকাল রবিবার বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবারের প্যাকেট, ঔষধ ও পানীয়জল এবং গবাদিপ্রাণির জন্য খাবারের প্যাকেজ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ বিতরণকাজে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনসমূহ।
আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান প্রধান অতিথির বক্তব্যে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার আহ্বান জানান। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষক সমিতি ও অফিসার সমিতির পক্ষ থেকেও এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বহিরাঙ্গন কর্যক্রম পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুদ্দিন ও পিআরটিসি’র পরিচালক অধ্যাপক ড. একেএম হুমায়ুন কবির।
সভায় ওয়ান হেলথ ইয়ং ভয়েস বাংলাদেশ, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি, রোটার্যাক্ট ক্লাব অব সিভাসু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (সিভাসু ইউনিট), ফিশবুথ ল্যাব, প্রাঙ্গণ, IAAS wmfvmy, BAO Core Team, প্রবর্তন, Hyacinth to Opportunity-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সভাপতি, সমন্বয়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন









