চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ও চসিকের ত্রাণ বিতরণ করলেন মেয়র

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিট। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে রোববার (১২ জুলাই) চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার হাজারো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের সভাপতি ডা. শাহাদাত হোসেন।

ত্রাণ বিতরণের আগে মেয়র ডা. শাহাদাত হোসেন পানিবন্দি এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় মেয়র বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক অঙ্গীকার। টানা বর্ষণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় এই কার্যক্রম আরও বেগবান হয়েছে।”

তিনি বলেন, নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা ও পানিবন্দি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে চসিকের সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক মাঠে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।”

ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের জন্য মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় অনেক পরিবার তাৎক্ষণিকভাবে উপকৃত হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন