পরিবহন খাতে অতিরিক্ত কর আরোপ কস্ট অব ডুয়িং বিজনেস বাড়িয়ে দেবে: চেম্বার সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: ট্রাক ও কাভার্ডভ্যানে চলতি অর্থবছরে অতিরিক্ত কর আরোপ করার ফলে ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পাবে এবং সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যে। সরকার যেখানে মূল্যস্ফীতি এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর চেষ্টা করছে সেখানে এ খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোহাম্মদ আমিরুল হক। আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাথে ১৯ জুলাই চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরো বলেন- দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা। দেশের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখছে এই সংস্থা। চেম্বারের সদস্য প্রতিষ্ঠান হিসেবে এই সংস্থার যেকোন যৌক্তিক সমস্যার সমাধানে চেম্বার কাজ করে যাবে।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী বলেন-দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবহন সেক্টর। তাই এই সেক্টরে যাতে কোন ধরণের অসন্তোষ তৈরি না হয় সেজন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন- আমদানি-রপ্তানি বাণিজ্যের পণ্য পরিবহনের পাশাপাশি শিশু খাদ্য, ঔষধ শিল্পের কাঁচামাল, জরুরী দুর্যোগ পরিস্থিতিতে সরকারি ত্রাণ পরিবহন করে থাকে এই সেক্টর। ২০১৯ সাল পর্যন্ত এসআরও জারীর মাধ্যমে ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারণ করা হলেও বিগত কয়েক অর্থবছরে শুধুমাত্র এনবিআর এর নির্বাহী আদেশের মাধ্যমে ইচ্ছামত এআইটি নির্ধারণ করা হচ্ছে। চলতি অর্থবছরে ড্রাম ট্রাক, খোলা ট্রাক, ১২ চাকার গাড়ির ক্ষেত্রে ২৪ হাজারের পরিবর্তে ৩৫ হাজার টাকা, ৫ টনের অধিক ট্রাক কাভার্ডভ্যান ১৬ হাজারের পরিবর্তে ৩০ হাজার, ১.৫ টনের অধিক ট্রাক কাভার্ডভ্যান লরিতে ৯ হাজার ৫শত টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা এবং ১.৫ টনের অধিক নহে এমন ট্রাক কাভার্ডভ্যান ও লরিতে ৪ হাজারের পরিবর্তে ৭ হাজার ৫শত টাকা এআইটি নির্ধারণ করা হয়েছে। নেতৃবৃন্দ অযৌক্তিক করহার বাতিল করে সকল গাড়ির আয়কর ১০ হাজার টাকা এবং ট্যাক্সটোকেন শতকরা ৫০ ভাগ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তদবির করার জন্য চেম্বার নেতৃবৃন্দকে আহবান জানান।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক মোঃ জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ শফিউল আলম (বাদশা), আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি এ কে এম নবীউল হক সুমন ও আজহারুল হক আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামসুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক মোঃ নূরে আলম রনি, আইন ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাবুল ও কার্যকরী সদস্য মোঃ শাহাদাত হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন