“ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা রুখতে বহুমুখী ষড়যন্ত্র চলছে”

নিউজগার্ডেন ডেস্ক: শুক্রবার (২৪ জুলাই) চকবাজারের স্থানীয় এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার উদ্যোগে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান নেতৃত্বের চারিত্রিক গুণাবলি বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণসম্পৃক্ততা রুখে দিতে দেশি-বিদেশি নানা মহল বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা দমন-পীড়নের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে থামানো যায় না। তিনি বলেন, একজন ইসলামী নেতার সর্বপ্রথম পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্বই সমাজে আস্থা সৃষ্টি করে এবং মানুষের হৃদয়ে স্থান করে নেয়। তাই সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শের বাস্তব অনুসরণ নিশ্চিত করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি সমাজ পরিবর্তনে সামাজিক কাজের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে কেবল রাজনৈতিক কর্মকাণ্ডই যথেষ্ট নয়; মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জিত হয় এবং ইসলামের সৌন্দর্য মানুষের সামনে বাস্তবভাবে তুলে ধরা সম্ভব হয়। প্রতিটি জনশক্তিকে নিজ নিজ এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম আনুগত্য, সংগঠন ও ইহতেসাব বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটি আদর্শিক সংগঠনের শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, পারস্পরিক জবাবদিহিতা ও দায়িত্বশীল আনুগত্যের মধ্যে। ইহতেসাবের চর্চা ব্যক্তি ও সংগঠনকে ভুল-ত্রুটি থেকে মুক্ত রেখে সামনের দিকে এগিয়ে নেয়। তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা, সময়ানুবর্তিতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। সংগঠনের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর মুহাম্মদ আবদুল হান্নান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, থানা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, মাওলানা খালেদ জামালসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ এবং সাংগঠনিক শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন