প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার গুরুত্ব শীর্ষক সেমিনার

নিউজগার্ডেন ডেস্ক: যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর এম এম আল আমীন ফয়েজী বলেছেন, যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ যা ইসলামী সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার অনন্য প্রতিষ্ঠান। যাকাত একদিকে দরিদ্র, অভাবী ও অক্ষম জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার গ্যারান্টি, অন্য দিকে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অন্যতম হাতিয়ার। যাকাত যেমন সম্পদ পবিত্র করে তেমনি বিত্তশালীদেরকে পরিশুদ্ধ করে। যাকাতের মাধ্যমে দারিদ্র্য মোচন, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং সমাজে শান্তি আনা যায়। যাকাত ব্যবস্থা অতীতের সব নবী-রাসূল সা:-এর উম্মতের ওপর ফরজ হিসেবে পালনীয় ছিল। সম্পদের পরিমাণ ও ব্যয়ের খাত অবশ্য বিভিন্ন সময় বিভিন্ন ছিল। তবে মুসলমানদের ওপর, ধনীদের সম্পদ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে প্রতি বছর যাকাত আদায় বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠিত না থাকায় যাকাত সংগ্রহ ও সুষম বন্টনে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেেেশনর বিকল্প হিসেবে ভূমিকা পালন করছে।

চট্টগ্রাম নগরীর মেরিডিয়ান রেস্টুরেন্টের মিলনায়তনে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৪ জুলাই বিকালে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্যাক্স বার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এডভোকেট আলহাজ¦ মো: আবু তাহেরের সভাপতিত্বে তিনি বলেন, দেশের বেকারত্ব ও দারিদ্র বিমোচনে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেসকল প্রোগ্রাম নিয়ে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এটি অধিক কার্যকর।

বেসিক ব্যাংকের এজিএম মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সহকারী অধ্যাপক ও পিএইচডি ফেলো মুহাম্মদ হামিদুর রহমান যাকাতের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন এর চট্টগ্রাম অঞ্চল সমন্বয়ক মুহাম্মদ ইউসুফ চৌধুরী বলেন, যেহেতু সরকারিভাবে যথাযথভাবে যাকাত আদায় এবং বন্টনে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন নুরুল ইসলাম তিনি তার বক্তব্যে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উন্নয়নধর্মী কাজের ভূয়সী প্রশংসা করেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর মুহাম্মদ ওয়ালী উল্লাহ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন