
নিউজগর্ডেন ডেস্ক: বায়েজিদ বোস্তামী এলাকায় নালা পরিষ্কারের সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বুলেট উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক মোস্তাফা কামাল। শনিবার দুপুরে নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় বিএসআরএমের ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।
মোস্তাফা কামাল বলেন, শেরশাহ বাংলাবাজারে বিএসআরএমের ৫ নম্বর গেটের পাশের নালা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বিপুল পরিমাণ বুলেট পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে। উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। এর মধ্যে বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বুলেটগুলো কীভাবে সেখানে এলো-এসব বিষয় তদন্ত করে বিস্তারিত জানানো হবে।








