
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল না করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠন সম্ভব নয়। তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, জনশক্তির আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আজ চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা আয়োজিত বিশেষ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
এস এম লুৎফর রহমান বলেন, বর্তমান সময়ে শ্রমিক সমাজের সামনে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে সাংগঠনিক দুর্বলতা ও নৈতিক অবক্ষয়। এ অবস্থা থেকে উত্তরণে প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ এলাকায় সংগঠন সম্প্রসারণ, নতুন জনশক্তি তৈরি এবং শ্রমিকদের কল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তুলতে হবে। আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন কর্মীবাহিনীই একটি শক্তিশালী শ্রমিক আন্দোলনের ভিত্তি।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের মধ্যে ইসলামী শ্রমনীতি, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করতে হবে। কর্মক্ষেত্রে সেবা, দাওয়াত ও গণসম্পৃক্ততা বৃদ্ধি করে শ্রমিকদের আস্থা অর্জনের বিকল্প নেই। শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
এস এম লুৎফর রহমান আরও বলেন, শ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণমুক্ত, ইনসাফভিত্তিক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক মজবুতি অর্জন এবং জনশক্তির ধারাবাহিক মানোন্নয়নের মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে গণমুখী ও কার্যকর সংগঠনে পরিণত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি শহিদুল হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা ও নির্বাহী সদস্য আব্দুল হামিদ, রহমত উল্লাহ, মোস্তাক আহমদ, মুহাম্মদ ইউছুফ, মাঈন উদ্দিন সোহেল, জাহিদুল ইসলাম তুহিন ও কামরুল ইসলাম প্রমুখ।









