
নিউজগার্ডেন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম জেলা-এর উদ্যোগে চট্টগ্রাম নগরীতে “জুলাই পরবর্তী সংস্কার চিন্তার সম্প্রসারণ এবং রাষ্ট্রগঠনের অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাগপা চট্টগ্রাম জেলার সভাপতি মোস্তফা মোহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদ। এতে উপস্থিত ছিলেন জাগপা চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (উত্তর) জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন সাইদী, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, ফয়সাল বিনসহ জাগপার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এবং এমন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, যেখানে রাষ্ট্র হবে জনগণকেন্দ্রিক, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক। তাদের মতে, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত ক্ষমতার কুক্ষিগতকরণকে উৎসাহিত করে এবং ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসনের ক্ষেত্র তৈরি করে। সেই বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ সামনে একটি নতুন রাষ্ট্র বিনির্মানের জন্য অকাতরে রক্ত ও জীবন উৎসর্গ করেছিলো।
বক্তারা আরও বলেন, গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি এখনো পরিলক্ষিত হয়নি। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণঅভ্যুত্থানের চেতনার যথাযথ বাস্তবায়নের স্বার্থে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত মালিক জনগণের কাছে তা ফিরিয়ে দিতে হবে।
আলোচনা সভা শেষে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে জাগপা চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক বহদ্দারহাট মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন”-এর জোরালো দাবি উত্থাপন করেন এবং এ লক্ষ্যে গণতান্ত্রিক ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









