‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিউজগার্ডেন ডেস্ক: সেন্টার ফর রিসার্চ এন্ড পলিসি- সিআরপিএসের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস.এম.সুলতান হলে গতকাল ৪ আগস্ট ২০২৬ বিকাল ৪টায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিবার্ষিক পূর্তি উপলক্ষে ৩৬ জুলাই স্মৃতিচারণ মঞ্চের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের শরী‘আহ এডভাইজারি বোর্ড ও সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপমহাদেশের অন্যতম ইতিহাসবিদ প্রফেসর ড. মোহাম্মদ মুহিব উল্যাহ ছিদ্দিকী।

সেন্টারের সেক্রেটারি রায়হান আজাদ এর সঞ্চালনায় এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন দেশ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড.আ.ক.আবদুল কাদের। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে ৩৬ জুলাই নিয়ে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এনায়েত উল্যা পাটওয়ারী।
মঞ্চে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সভাপতি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসাইন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রফেসর ড. একেএম শাহেদ, চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এডভোকেট আবু তাহের, গল্পকার ও ঔপন্যাসিক আলী আসকার, কবি ও সাংবাদিক মাহবুবুল আলম রিপন, শিক্ষক নেতা জনাব এ.এন.এম সোহাইল, লেখক ও সম্পাদক খোরশেদ মুকুল, সেন্টারের জয়েন্ট সেক্রেটারি তৌফিক আল মুবারক, লেখক ও সমাজসেবক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভায় সমাজের নানান স্তরের নেতৃস্থানীয় পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিব উল্যাহ ছিদ্দিকী বলেন, জাতি আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত স্বৈরাচার সরকার দেশের অর্থনীতির ধ্বস নামিয়ে চলে গেছে। প্রশাসনের সর্বক্ষেত্রে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। এখনও লুটেরা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে দেশীয়-বিদেশীয় নানান চক্রান্ত করে চলেছে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত ও জাতীয় উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন