
নিউজগার্ডেন ডেস্ক: আজ শুক্রবার (৭ আগস্ট) নগরীর পতেঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আতিকুর রহমান ইমন ও মো. শাহিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, তাঁদের সান্ত্বনা দেন এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ হানিফ মোল্লা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।
গতকাল ৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পতেঙ্গা থানাধীন কাঠগড় জেলেপাড়া লিংক রোড (রিং রোড) এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান ইমন (২২) ও মো. শাহিন (২২)-কে মৃত ঘোষণা করেন।
নিহত আতিকুর রহমান ইমন পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপর নিহত মো. শাহিনের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র্যাব-৭ গলিতে।
নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। অল্প বয়সে তাঁদের এভাবে চলে যাওয়া পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁদের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, নেক আমলসমূহ কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।
তাঁরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং সড়কে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।









