আদর্শিক মান উন্নয়নে কর্মীদের সচেতন হতে হবে: এস এম লুৎফর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: কর্মীদের আদর্শিক মান উন্নয়ন, ইখলাসের সঙ্গে দায়িত্ব পালন এবং কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচলাইশ থানা আয়োজিত স্থানীয় একটি মিলনায়তনে কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন থানা সভাপতি মো. আমির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী এবং মুদাররিস মাওলানা আজিজুর রহমান।

এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আদর্শিক মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কর্মীকে নিয়মিত জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি ও আমলের মাধ্যমে নিজের আদর্শিক মান উন্নত করতে হবে। নিজেদের সংশোধনের পাশাপাশি সমাজের মানুষের সামনে ইসলামী আদর্শের বাস্তব নমুনা তুলে ধরতে হবে।

তিনি বলেন, ইখলাস কর্মীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। সংগঠনের দায়িত্ব ও মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, খ্যাতি কিংবা প্রশংসার আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে দায়িত্ব পালন করলে কাজের মধ্যে স্থায়িত্ব ও বরকত আসে।

তিনি আরও বলেন, কর্মীদের কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। মানুষকে যে আদর্শের কথা বলা হয়, তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে না পারলে মানুষের ওপর এর প্রভাব পড়ে না। তাই ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের নিজেদের আচরণ, আমল ও দায়িত্ব পালনের মাধ্যমে আদর্শের প্রতি আস্থার প্রমাণ দিতে হবে।

থানা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আওলাদ হাসান, ৩নং ওয়ার্ড সভাপতি হাসান এবং শ্রমিকনেতা আনোয়ার হোসেন।

মন্তব্য করুন