
ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি আজ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট থানা আয়োজিত স্থানীয় একটি মিলনায়তনে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং জামায়াতে ইসলামী সদরঘাট থানা প্রশিক্ষণ সম্পাদক বেলায়াত হোসেন।
এস এম লুৎফর রহমান বলেন, একজন কর্মীর জন্য ইলম ও জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে। ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের আদর্শিক ও নৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে।
তিনি বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞানকে জীবনে বাস্তবায়ন করতে হবে। কর্মীদের আমল-আখলাক সুন্দর করার মাধ্যমে নিজেদের জীবনকে ইসলামী আদর্শের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কাছে ইসলামী শ্রমনীতির সৌন্দর্য তুলে ধরতে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। ইসলামী শ্রমনীতি সম্পর্কে মানুষকে জানাতে হলে কর্মীদের নিজেদেরকে আদর্শিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে।
থানা সাধারণ সম্পাদক আফছার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন থানা সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক এস এম মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক আমির হোসেন সুমন, শ্রমিকনেতা আহসান হাবিব, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।









