
নিউজগার্ডেন ডেস্ক: নগরের কোতোয়ালি থানার পাথরঘাটাস্হ ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা- আবর্জনা ও রাস্তায় নির্মান সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।
অভিযানে পাথরঘাটাস্হ ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাসাবাড়ির ছাদ বাগান, নির্মানাধীন ভবন সরজমিন পর্যবেক্ষণ করা হয় এবং রাস্তায় নির্মান সামগ্রী রাখা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই সময় রাস্তায় নির্মান সামগ্রী রাখা, বাসার নিচের নালায় জমাটবদ্ধ পানি থাকায় ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অপরাধে তিন ব্যক্তির মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।









