
চট্টগ্রাম, ২০ আগস্ট ২০২৬: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরীর দেওয়ান বাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে জনজীবনে স্বস্তি ফিরবে না। সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট নিরসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি। চট্টগ্রাম মহানগরী জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে এ কর্মসূচি সফল করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, নগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান ও হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম আজম, মহানগরী দক্ষিণ শাখার অফিস সম্পাদক তানভীর মোস্তফা।
সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে মহানগরীর থানা, ওয়ার্ড ও বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।









