নজরুলের ‘মানুষ’ কবিতা অবলম্বনে প্যান্টোমাইম মুভমেন্টের মূকনাট্য ‘কোথাও কেউ নেই’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মূকাভিনয় অনুষ্ঠান ‘মূকাভিনয়ে নজরুল’।

নজরুলবর্ষের বিশেষ এই আয়োজনে প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা অবলম্বনে মূকনাট্য ‘কোথাও কেউ নেই’ পরিবেশিত হয়। মূকনাট্যটির ভাবনা, নির্মাণ ও অভিনয়ে ছিলেন শান্তনু দাশ। আবহ সংগীতে তামান্না এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে ছিলেন সোলেমান মেহেদী।
প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনা ও মননের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্টির মানবিক আবেদন আজও অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে। সেই চিরন্তন মানবিক বোধকে মূকাভিনয়ের নান্দনিক ও শক্তিশালী ভাষায় উপস্থাপন করে ‘কোথাও কেউ নেই’।
অনুষ্ঠানটি ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সভাপতি সোলেমান মেহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুর ইসলাম শিবলী।

এ আয়োজনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য শিল্পী, মূকাভিনয়শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মূকাভিনয়ের শব্দহীন অথচ শক্তিশালী ভাষায় ‘মূকাভিনয়ে নজরুল’ অনুষ্ঠানে উঠে আসে নজরুলের প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার চিরন্তন আহ্বান। কবির সাহিত্য ও দর্শনকে মূকাভিনয়ের দেহভাষা, অভিব্যক্তি ও নান্দনিকতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াস দর্শকদের মধ্যে বিশেষ সাড়া সৃষ্টি করে।

নজরুলময় এই আয়োজন সঞ্চালনা করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিম তাজওয়ার।
‘মূকাভিনয়ে নজরুল’ আয়োজনের মধ্য দিয়ে নজরুলের মানবতাবাদী দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে মূকাভিনয়ের নীরব অথচ শক্তিশালী শিল্পভাষার এক অনন্য মেলবন্ধন তৈরি হয়।

মন্তব্য করুন