
নিউজগার্ডেন ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, জনগণের সাথে যারা প্রতারণা করে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন স্থানীয় নির্বাচনে জনগণ স্বার্থান্বেষী ও দূর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ।
অদ্য বিকাল ৫টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ তাদের এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দিবে না। তারা শেখ হাসিনার বিচার করার সাহস পায় না। অথচ দেশের অধিকাংশ জনগণ হাসিনার ফাঁসির দাবীতে রাজপথে জীবন দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের দূর্নীতির ফলে ছয়মাসের মাথায় জনগণ বিদ্যুৎ পায় না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। তাই আগামী নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।









