চট্টগ্রামে বাদীকে ছুরিকাঘাত, ১৫ দিনেও গ্রেফতার হয়নি

চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন আসামী। উল্টো ভুক্তভোগীকে স্ব-পরিবারে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন আসামিরা। তাদের অব্যাহত হুমকিতে জীবন রক্ষায় ভুক্তভোগী পালিয়ে বেড়ালেও পুলিশ বলছে আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে ব্যবসায়ী নূরুল কবির একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জামিনের বিরোধিতা করার জন্য আদালতে উপস্থিত হলে আদালত চলাকালে উক্ত মামলার অন্য আসামীরা সংঘবদ্ধ হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
ঘটনার পর পর বিচারকের নির্দেশে দায়িত্বরত পুলিশ আহত ব্যবসায়ী নূরুল কবিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ০৭/০৯/২০২৬ ইং তারিখে নূরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ইলিয়াস হোসেন অপু, মোঃ ইমরান, মোঃ আনোয়ার, জয়নাল আবেদীন সোহেল, কুলসুমা আক্তার এবং উর্মি আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন, মামলা নং ১২(৯)২৬।

মামলাসূত্রে জানা যায়, পাঁচলাইশ থানাধীন হাদুমাঝি পাড়া এলাকার ব্যবসায়ী নুরুল কবির স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চাাঁদাবাজি, লুটপাট, হামলা ও চুরির ঘটনায় অন্তত চারটি মামলা দায়ের করেছিলেন। তিনি একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জামিনের বিরোধিতা করার জন্য আদালতে উপস্থিত হলে আদালত চলাকালে অপরাপর আসামীরা যোগসাজশে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। এসময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে এবং তার স্ত্রীকেও মারধর করে।

ভুক্তভোগী নূরুল কবির বলেন, তার উপর হামলাকারী ইলিয়াস হোসেন অপুসহ সকল আসামি এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসামীদের ভয়ে তিনি এখনো বাসায় থাকতে না পারলেও আসামিরা ঠিকই বাসায় রাত যাপন করেন । কিন্তু পুলিশ অজানা কারণে আসামিদেরকে গ্রেফতার করছে না।

মন্তব্য করুন