
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ‘চাটগাঁর চোখ’ পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রীতি সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চাটগাঁর চোখ’ আয়োজিত এ প্রীতি সমাবেশে পত্রিকার পাঠক, লেখক, সাংবাদিক, শুভার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় নগর জামায়াত নেতৃবৃন্দ পত্রিকাটির ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। তারা বলেন, সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও জনসম্পৃক্ত বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের প্রত্যাশা ও এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারা ‘চাটগাঁর চোখ’-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি পাঠক, লেখক ও শুভার্থীদের সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতি সমাবেশে পত্রিকার প্রকাশক, সম্পাদকমণ্ডলীর সদস্য, সাংবাদিক, পাঠক-লেখক ও শুভার্থীরা উপস্থিত ছিলেন।








