‘সিভাসু’তে বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি’

নিউজগর্ডেন ডেস্ক: আজ সোমবার বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের পরিচালক প্রফেসর ড. আজিজুন্নেছার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব, পরিবহন দপ্তরের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ. এস. এম. গোলাম কিবরিয়া এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. মো: ফরহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। আর এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। সবাই মিলে একসাথে কাজ করলে এই রোগ নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে একটি বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। উক্ত কর্মসূচি চলে দুপুর দেড়টা পর্যন্ত।

বিকেলে ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও হিট উপ-প্রকল্পের (এসপি ১৩৩৫২) যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।

মন্তব্য করুন