রিকশা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস মেয়র ডা. শাহাদাতের

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর রিকশা শ্রমিকদের পাঁচ দফা দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, রিকশা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বৈধ লাইসেন্সধারী রিকশা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও সিটি কর্পোরেশন সচেতন থাকবে।

তিনি মঙ্গলবার বিকেলে নগরীর টাইগার পাসস্থ চসিক কনফারেন্স রুমে রিকশা শ্রমিকদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় তিনি রিকশা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। এসময় রিকশা শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম মহানগরীতে অবৈধ অটোরিকশা ও অবৈধ লাইসেন্স বাতিল, রিকশা শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা, সংগঠনের অধীনে ই-রিকশা প্রদানের ব্যবস্থা, নতুন রিকশার লাইসেন্স সংগঠনের অধীনে প্রদানের ব্যবস্থা এবং রিকশা শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ।

তিনি বলেন, আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই সম্পর্ক ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন। আপনাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। সিটি কর্পোরেশনের পক্ষের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আপনাদের সার্বিক সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।

মেয়র বলেন, রিকশা শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। টিসিবির স্মার্ট কার্ডের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য শ্রমিকদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নগরীর ৪১টি ওয়ার্ডের বাসিন্দা রিকশা শ্রমিকদের পাশাপাশি গ্রামের ঠিকানার জাতীয় পরিচয়পত্রধারীদের বিষয়েও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা চাই, একটি পরিবার একটি কার্ডের আওতায় আসুক। পরবর্তীতে ফ্যামিলি কার্ডও চালু হবে। বর্তমানে যে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, এর মাধ্যমেও আপনারা বিভিন্ন সুবিধা পাবেন।

মেয়র বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর সবার জন্য উন্মুক্ত প্রতিষ্ঠান। নাগরিকদের সিটি কর্পোরেশনে আসার অধিকার রয়েছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়গুলোও নজরদারির আওতায় রয়েছে বলে জানান তিনি।

মহানগর রিকশা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, সংগঠনের উপদেষ্টা তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি মাহবুব কোম্পানি, যুগ্ম সম্পাদক আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ বিভিন্ন থানা ওয়ার্ডের রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন