‘ত্যাগী নেতাদের আদর্শই সংগঠনের প্রেরণা’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) বাবু টিংকু দাশের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘টিংকু দাশ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ‘টিংকু দাশ স্মৃতি সংসদ’-এর সমন্বয়ক প্রকৌশলী শাখাওয়াত হোসেন শাহীন হায়াত।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রয়াত টিংকু দাশের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, দলের দুঃসময়ে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আদর্শ, সাহস ও সাংগঠনিক নিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “টিংকু দাশ ছিলেন রাজপথের নির্ভীক ও ত্যাগী এক সংগঠক। দলের সংকটকালীন সময়ে তিনি দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্বস্ততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর অটল অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, তৃণমূল থেকে উঠে আসা টিংকু দাশ সংগঠনকে সুসংগঠিত করতে আজীবন কাজ করে গেছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক অবদান দীর্ঘদিন নেতাকর্মীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

স্মরণসভায় চট্টগ্রামের রাজনৈতিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক দুই শহীদকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করে ‘টিংকু দাশ স্মৃতি সংসদ’।

এ সময় প্রয়াত টিংকু দাশের সহধর্মিণী পলি দত্ত ও একমাত্র সন্তান মোহন দাশ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে স্মরণসভাটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজ, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম ও ডা. সরোয়ার। এ ছাড়া থানা বিএনপির মঞ্জুর আলম চৌধুরী, জাকির হোসেন, সালাউদ্দিন কায়সার লাভু ও পলাশ চৌধুরী এবং ওয়ার্ড বিএনপির সাদেকুর রহমান রিপন, মো. সালাউদ্দিন, মো. জাগু ও মো. সেলিম বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা আজিজুল হক মাসুম, , মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, আনোয়ার হোসেন, কামরুল কুতুবী, আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল, কুতুবউদ্দিন নয়ন, রাসুদ রানা, মো. জুয়েল, আরমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাত।

এ ছাড়া উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা জমির আলী নয়ন, কাউসার হামিদ জেবিন, মো. অনিক, আবুল হাশেম ও মো. আলী; মহানগর তরুণদলের সভাপতি ওমর কাইয়ুম; থানা ছাত্রদলের মোবারক মাহির, হেলাল উদ্দিন, নূর ইলাহি জিসান, মো. রকি, আমজাদ রনি, নাবিল, তুষান, সাব্বির, কায়েস ও আরাফাত মেজবাহ রাকিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে প্রয়াত বাবু টিংকু দাশের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বক্তারা তাঁর স্মৃতি, ত্যাগ ও আদর্শকে ধারণ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের আদর্শই সংগঠনের শক্তি এবং আগামী দিনের পথচলার অন্যতম প্রেরণা।

মন্তব্য করুন