
নিউজগার্ডেন ডেস্ক: সরকারি অর্থে নির্মিত ভবন দেশের সম্পদ উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের গুণগত মান ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামান্য অর্থ সাশ্রয়ের জন্য নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না। প্রয়োজনে ব্যয় বাড়লেও নির্ধারিত মান বজায় রাখতে হবে। কারণ, নির্মাণকাজে ত্রুটি থাকলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান অনুসরণ এবং নির্মিত ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায় মুনাফা করা স্বাভাবিক বিষয়। তবে মুনাফার কথা বিবেচনা করে নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে আপস করা উচিত নয়। প্রয়োজনে নির্মাণব্যয় বাড়লেও কাজের মান বজায় রাখতে হবে।
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়ক মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য আনোয়ার হোসেন লিপু, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব হাসনাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।








