
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সদরঘাট থানার উদ্যোগে মাঝিরঘাট কর্ণফুলী উঠানের সামনে আয়োজিত সীরাতুন্নবী ( সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা মোল্লা নাজিম। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের অধিকার, শ্রমের মর্যাদা এবং মালিক-শ্রমিকের পারস্পরিক দায়িত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ এবং তাঁদের সঙ্গে সম্মানজনক আচরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা।
তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। অথচ অনেক শ্রমিক তাঁদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন এবং শ্রমিকদের সংগঠিত ভূমিকা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ধারণ করে শোষণমুক্ত, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা শুধু অর্থনৈতিক দাবি নয়, এটি ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বিষয়। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের ইসলামী নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাঁদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।
প্রধান মুফাসসির হযরত মাওলানা মোল্লা নাজিম বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব। ইসলামে শ্রম, শ্রমিকের মর্যাদা, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে।
এতে আরও উপস্থিত ছিলেন মাদারবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল হানাফি, মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সদরঘাট থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল গফুর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আইয়ুব আলী আনসারী, থানা সহ-সভাপতি রফিকুল আলম, খায়রুল ইসলাম, থানা সাধারণ সম্পাদক আফছার হোসেন ভুইঁয়া, ৩০ নম্বর ওয়ার্ড আমীর হারুন রশীদ দিদার, সহ- সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, অর্থ সম্পাদক এস এম মোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমির হোসেন সুমন, ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফেজ ইঞ্জিনিয়ার আহসান হাবিবের, এস এম আব্দুল্লাহ, ব্যবসায়ী আবুল কাসেম, শ্রমিক নেতা আবু হোসেন, ইমন ফরাজী, শাহাবুদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ইলিয়াস সহ শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।









