
নিউজগার্ডেন ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে করপোরেট অঙ্গনের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট (সিজন-৩)’। শুক্রবার (৩০ অক্টোবর) বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে হারায়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে পরাজিত করে।
এবারের ফুটসাল প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট। গ্রুপ ‘বি’-তে রয়েছে কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক। গ্রুপ ‘সি’-তে রয়েছে এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম। গ্রুপ ‘ডি’-তে রয়েছে ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ।
গ্রুপ ‘ই’-তে রয়েছে এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক। গ্রুপ ‘এফ’-এ রয়েছে বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ। গ্রুপ ‘জি’-তে রয়েছে কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আর গ্রুপ ‘এইচ’-এ রয়েছে মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার।
এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নিচ্ছেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই ক্রীড়া আয়োজন।
ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম।
এত সুন্দর একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা। একসময় আমি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছি। পরে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছি।
খেলাধুলায় শারীরিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলায় অংশ নেওয়ার আগে শারীরিক প্রস্তুতি বা কন্ডিশনিং খুবই গুরুত্বপূর্ণ। যথাযথ প্রস্তুতি ছাড়া খেলতে নামলে মাংসপেশিতে টান, লিগামেন্টে আঘাত ও মচকে যাওয়ার ঝুঁকি থাকে। আমরা পেশাদার খেলোয়াড় না হলেও খেলার আগে শারীরিক প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিতে হবে।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি যথেষ্ট আন্তরিক। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি ক্রীড়া কার্ড চালু করেছেন। এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ।
তিনি আরও বলেন, অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের পাশে দাঁড়াতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ছোটবেলা থেকেই বাবা মোহাম্মদ আবদুস সালামের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তাঁরা দুই ভাই অনুপ্রাণিত হয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা।
তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মাদকমুক্ত সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে প্রতিবছর এই ক্রীড়া লীগের আয়োজন করা হচ্ছে। এবার ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হয়েছে। এতে দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়েরাও অংশ নিচ্ছেন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর আয়োজন করেছে। এর ধারাবাহিকতার এবার অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় আসর। এবার ফুটসালের পাশাপাশি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি আরও বিস্তৃত হয়েছে। টুর্নামেন্টের খেলার খবর ও ফলাফল এশিয়ান গ্রুপের ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।









