
নিউজগার্ডেন ডেস্ক: ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৬। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে একাডেমিক কোর্সের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
প্রবন্ধে অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ বলেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ক্রমবর্ধমান জ্ঞানভিত্তিক বিশ্বে সৃজনশীল ধারণাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরের সক্ষমতা ব্যক্তিগত সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য। একটি ধারণা তখনই প্রকৃত মূল্য অর্জন করে, যখন তা মানুষের বাস্তব চাহিদা পূরণ, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
প্রবন্ধের মূল বক্তব্য হলো, উদ্ভাবন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, উদ্যোক্তা কার্যক্রম সেই সম্ভাবনাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরিত করে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এসব প্রচেষ্টাকে চূড়ান্ত সার্থকতা প্রদান করে। এছাড়াও তিনি বিভিন্ন থিওরি ও নতুন নতুন প্রযুক্তির আলোকে ‘উদ্ভাবন ও উদ্যোক্তার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবিদা সুলতানা বলেন, সাউদার্ন ইউনিভার্সিটির আজকের প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার্থীরা অধ্যায়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। তাদের মধ্যে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার মনোভাব রয়েছে। মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে। উদ্যোক্তা বিষয়ে যেকোন পরামর্শ ও সহযোগিতায় উইমেন চেম্বার সব সময় আপনাদের পাশে আছে।
উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন এবং লক্ষ্য অর্জন ও স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিস্টার ভিত্তিক এ মেলার আয়োজন করে থাকে। এবার শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপণী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।








