
পটিয়ায় দুর্ঘটনায় আরোহী গুরুতর আহত, বাসচালক পলাতক
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফায়েজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রামিম নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়েজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবীপাড়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত রামিম একই ইউনিয়নের নয়ারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফায়েজকে মৃত ঘোষণা করেন। আহত রামিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন দুর্ঘটনায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








