নকশাবহির্ভূত নির্মাণে চউকের কঠোর অভিযান: ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাঁচ ভবনের অবৈধ অংশ উচ্ছেদ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীতে অপরিকল্পিত ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) চউকের অথরাইজড-২-এর আওতাধীন নগরীর বিভিন্ন এলাকায় এ সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

অভিযানকালে নগরীর পাঠানটুলি, বন্দর এলাকার মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেট-সংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকায় মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের অংশ হিসেবে বিধিবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন নির্মাণকাজ বন্ধ রাখতে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়।

অবশিষ্ট নকশাবহির্ভূত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

এ বিষয়ে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ প্রতিরোধে চউকের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন, তাঁদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নগরবাসীকে নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগর উপহার দিতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন