রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভা, এপ্রিলে বসছে আবাসন খাতের মেলা

আগামী ৮-১১ এপ্রিল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার

নিউজগার্ডেন ডেস্ক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮-এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম রিজিওনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল চট্টগ্রাম রিজিওনের সদস্যদের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রিহ্যাব সব সদস্যের প্রাণের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের সব কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের সদস্যরা সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আগামী ৮ থেকে ১১ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নূর, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।

মন্তব্য করুন