
নিউজগর্ডেন ডেস্ক: দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে এ মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এবারের মেলায় অংশগ্রহণ করছে। মাসব্যাপী এ আয়োজনের মাধ্যমে ক্রেতা ও দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি কেনাকাটার সুযোগ পাবেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।









