
চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে নজরুল ইসলাম
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ মেনে সন্ত্রাস ও কালোটাকামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে রাজনীতিতে সন্ত্রাস, অগ্নিসংযোগ, পেশিশক্তি ও কালোটাকার প্রভাব বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
রবিবার (২২ নভেম্বর) নগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজীসহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ফ্যাসিস্ট ঘনিষ্ঠদের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা এ বাস্তবতা যত দ্রুত উপলব্ধি করতে পারবেন, ততই তাঁদের জন্য এবং দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে। অতীতের সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতা ও কালোটাকার লোভে তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে নৈরাজ্য সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। সন্ত্রাসী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা উভয়কেই আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি, সাদেক কায়েমের খাগড়াছড়ির বাড়ি এবং খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একইভাবে সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়াসহ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
নগর জামায়াতের আমীর বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ মেনে নিলে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিহিংসা, সহিংসতা ও কালোটাকানির্ভর রাজনীতির পরিবর্তে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল, সরকার ও জনগণ—সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। রাষ্ট্রীয় স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে তিনি থানা পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।









