একই পরিবারের তিনজনের এসএসসি-তে এ+

নিউজগার্ডেন ডেস্ক: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়ার দক্ষিণ জুম এলাকা যেন আজ আনন্দে আত্মহারা। কারণ, একই পরিবারের তিনজন সদস্য এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) অর্জন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই তিনজন হলেন—শফিউল আলম সওদাগরের দুই কন্যা নাফিসা জন্নাত নিলায় রাফি ও জন্নাতুল খুলদ তামান্না, এবং তাদের চাচা মোঃ মিসকাত। তাঁরা তিনজনই শিলখালী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তিনজনের একসঙ্গে এই অসাধারণ কৃতিত্ব শুধু পরিবার নয়, পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। এলাকার মানুষজন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের। পরিবারে চলছে আনন্দ ও উৎসবের আমেজ।

নাফিসা, তামান্না ও মিসকাত—তিনজনেই জানিয়েছেন, এই অর্জনের পেছনে ছিল তাদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, পরিবার ও শিক্ষকদের দিকনির্দেশনা এবং আল্লাহর অশেষ রহমত। তারা সবাই ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও গবেষক হতে চায় এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে চায়।

শফিউল আলম সওদাগর বলেন, “আমার দুই মেয়ের ও ভাইয়ের এমন ফলাফল সত্যিই আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আমরা তাদের জন্য দোয়া করি যেন তারা ভবিষ্যতেও সফলতা অর্জন করে।”

শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “একই পরিবার থেকে তিনজনের বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া আমাদের বিদ্যালয়ের জন্যও বড় গর্বের বিষয়। এটা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগাবে। আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের এই অর্জনে।”
এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এই তিন শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই তিন তরুণের সাফল্য শুধু তাদের নিজ পরিবার নয়, পুরো শিলখালী ইউনিয়নের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই পথচলা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সবার।

 

মন্তব্য করুন