
নিউজগার্ডেন ডেস্ক: অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)-এর উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর ২৫ তারিখে চট্টগ্রামে নারী উদ্যোক্তা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের সভাপতিত্বে কারিতাস চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন ওডেব-এর সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন ও পি এম টি ও সজল দে। তাঁরা নারী উদ্যোক্তা ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নারীর মানবাধিকার, জেন্ডার সমতা, আর্থিক ও ব্যবসায়িক জ্ঞান অর্জন, এবং মূলধন সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সজল দে ও মুহাম্মদ ফয়েজুল আবেদীন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও, নেতৃত্ব উন্নয়ন ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য দলীয় কাজের আয়োজন করা হয়।
এই ওরিয়েন্টেশনে নারী উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃত্বরা অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। ওরিয়েন্টেশনটি প্রশ্নোত্তর ও আলোচনাভিত্তিক ছিল, যা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলাউদ্দীন, মিস জুঁই, বন্দনা বড়ুয়া, মিনু চৌধুরী ও ওডেব টিম। অংশগ্রহণকারীদের ফিডব্যাক ও মতামতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।









