
মোঃ ছরওয়ার কামাল: “ঐক্যই আমাদের শক্তি, জনতা আমাদের পরিবার”—এই স্লোগানকে সামনে রেখে এবং বৈষম্যহীন সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক, সাংস্কৃতিক ও পি.আর প্ল্যাটফর্ম ‘জনতার ঐক্য’।
আজ শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক হলে এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্টান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আতিক সুজন।
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘জনতার ঐক্য’-এর আত্মপ্রকাশ ঘোষণা করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “রাষ্ট্রের কাজ খয়রাত দেওয়া বা চাকরি দেওয়া নয়, বরং কর্মসংস্থানের ইকোসিস্টেম তৈরি করা। গতানুগতিক ধারার রাজনীতি সাধারণ মানুষকে কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা কোনো জামানত ছাড়া মেধার ভিত্তিতে তরুণ উদ্যোক্তাদের জন্য ‘ভেঞ্চার ক্যাপিটাল’ সরবরাহ এবং কৃষকদের ঘামের মূল্য নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙার দাবি নিয়ে রাজপথে থাকব।”
সংগঠনের প্রধান সমন্বয়কারী মোশাররফ হোসেন রবিন আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা শুধু এসি রুমে বসে থাকার সংগঠন নই। আগামী তিন মাসের মধ্যে আমরা সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায় ‘জনতার ঐক্য’-এর লোকাল কমিটি গঠন করব। স্থানীয় পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করতে আমরা ‘জনতার অডিট’ বা সামাজিক জবাবদিহিতার মডেল তৈরি করব। পাশাপাশি যুবকদের জন্য আইটি হাব ও সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড সেল গঠন করা হবে।”
সহ-সমন্বয়কারী হাশমিরা হায়দার চৌধুরী নারী ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা বিষয়ে রূপরেখা তুলে ধরে বলেন, “আমরা ত্রাণ-নির্ভর রাজনীতিকে প্রত্যাখ্যান করি। ত্রাণের প্যাকেট মানুষকে সাময়িকভাবে বাঁচিয়ে রাখলেও চিরকাল দাসে পরিণত করে। আমরা প্রতিটি পাড়া-মহল্লায় নারী ও যুবকদের নিয়ে সমবায় ভিত্তিক উৎপাদনশীল হাব তৈরি করে মানুষের সক্ষমতা বাড়াতে চাই। নারীদের কেবল সুবিধাভোগী না রেখে নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দিতে হবে।”
এর আগে, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সমন্বয়কারী মোঃ আশরাফ উদ্দীন নয়ন। তিনি জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বিশেষভাবে শহীদ শরীফ ওসমান হাদীর কথা স্মরণ করে অবিলম্বে তাঁর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এবং সুষ্ঠু বিচারের জন্য তীব্র আওয়াজ তোলেন।
প্রধান অতিথি হিসেবে জুলাই ঐক্য এর সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন জুলাই এর সাথে সামঞ্জস্য রেখে জনতার ঐক্য কে সামনের দিকে অগ্রসর হওয়ার আহবান জানান এবং বক্তব্য শেষে কেন্দ্রীয় আহবায়ক কমিটির মূল নেতৃত্ব ঘোষনা করেন জুলাই ঐক্য এর সংগঠক আবরার হাসান রিয়াদ এবং কেন্দ্রীয় সংগঠক, সংগঠক ও সদস্য টীম ঘোষনা করেন সহ- সমন্বয়কারী হাশমীরা চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক মোঃ মোফাজ্জেল হোসেন চৌধুরী, সংগঠক আব্দুর রহমান সিদ্দিক প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে ইফতারের আগ মুহূর্তে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার শান্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক, অতিথি এবং সংগঠনের সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।









