চট্টগ্রাম বন্দরে নৌমন্ত্রীকে স্টাফ পরিচালনা কমিটির শুভেচ্ছা

নিউজগার্ডেন ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার চার দিনের সরকারি সফরে বন্দর নগরী চট্টগ্রামে আগমন করেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

মন্ত্রীর এই সফর উপলক্ষে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী স্টাফ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার দুপুরে মন্ত্রী বন্দর শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে পৌঁছালে কমিটির নেতৃবৃন্দ তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে স্বাগত জানান।

সংক্ষিপ্ত মতবিনিময়কালে স্টাফ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁদের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। মন্ত্রী শেখ রবিউল আলম কমিটির এই আন্তরিক অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনৈতিক চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রীর এই সফরের মাধ্যমে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুভেচ্ছা বিনিময়কালে কমিটির সমন্বয়ক হাসান রুবেল, মো. জাহাঙ্গীর আলম, সোহেল মাল্টু, মালেক উল্লাহ বাহার, মনির হোসেন, গোলাম মোস্তফা রনি, আলী আজম সহ কমিটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন