
নিউজগার্ডেন ডেস্ক: সিএসসিআর এর উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে “Approach to the Seriously III Patient: An Emergency Medicine Perspective” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এর সভাপতিত্বে এবং অধ্যাপক ডা. মেহেরুন্নেসা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মেডিকেল শিক্ষক ও সার্জন অধ্যাপক ডা. পি.বি রায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের National Health Service এর জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাইক রিদওয়ান। তিনি তাঁর উপস্থাপনায় উল্লেখ করেন, জরুরী বিভাগের রোগীরা সাধারণ রোগীদের তুলনায় ভিন্নতর, কারণ তাদের স্বাস্থ্যগত সমস্যাগুলো সাধারণত অত্যন্ত তীব্র হয় এবং দ্রুত অবনতির দিকে যায়। এখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ; তাই রোগ নির্ণয়ের চেয়ে জীবন বাঁচানো এবং রোগীর অবস্থাকে স্থিতিশীল করা প্রধান অগ্রাধিকার। জরুরী সেবায় যখন একটি সুনির্দিষ্ট বা স্ট্রাকচার্ড পদ্ধতি (ঝঃৎঁপঃঁৎবফ গবঃযড়ফ) অনুসরণ করা হয়, তখন অহেতুক সময় নষ্ট হয় না। এতে স্বল্পতম সময়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা যায়।
উচ্চ-চাপযুক্ত পরিস্থিতিতে (High Pressure Scenarios) চিকিৎসকদের ওপর প্রচণ্ড মানসিক চাপ থাকে। ABCDE (Airway, Breathing, Circulation, Disability, Exposure) পদ্ধতিটি একটি জটিল পরিস্থিতিকে ধাপে ধাপে সহজ করে দেয়। এটি অনুসরণ করলে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাদ পড়ার সম্ভাবনা থাকে না এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। ডা. রাইক রিদওয়ান কাঠামোগত জরুরী স্বাস্থ্যসেবা ব্যবস্থা সফল করার জন্য সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্বআরোপ করে বলেন, দক্ষ কর্মীবাহিনীই পারে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে কাঙ্খিত ফলাফল নিশ্চিত করতে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. পি.বি রায় অতি প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সংক্রান্ত এই সেমিনার আয়োজনের জন্য উদ্যেক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বাস্থ্য সেবার বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগ ছাড়া মানসম্পন্ন জরুরী চিকিৎসা প্রদান সম্ভব নয়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন অধ্যাপক নীলকান্ত ভট্টাচার্য, অধ্যাপক মো. ইকবাল হোসেন, ডা.মো. আরিফুর রহমান ও ডা.নুরুল আবচার আশিক।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।
সেমিনারে পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক, বিভিন্ন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবং সিএসসিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।









