১৩ জুন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করুন: আনোয়ারুল আলম চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ জুন ২০২৬ রোজ শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলার দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে উক্ত সমাবেশে যোগদান করে সমাবেশ সফল করার আহবান জানাচ্ছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত আজকের প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম সহ প্রমুখ।

জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী আরও বলেন, জুলাই অভ্যুত্থানের শরীক দল সরকারে গিয়ে যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে বুঝতে হবে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। জুলাইকে ধারণ করতে অস্বীকার করা মানে নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্ন দেখা। জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। প্রয়োজনে আবার রক্ত দিয়ে হলেও ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন বাস্তবায়ন করতে দিবে না, ইনশাআল্লাহ। জুলাই সনদ ও গনভোট না মেনে সরকারের উপায় নেই। রাজপথের তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়ার আহবান জানাচ্ছি।

 

মন্তব্য করুন