চান্দগাঁওতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ চলছে

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল ওয়াছিয়া মাদরাসা সংলগ্ন ইয়াছিন খয়রাতির বাড়ীতে আদালতের স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) অমান্য করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্দেশ এবং পুলিশের জারি করা নোটিশ উপেক্ষা করেই বিবাদীরা এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ষোলশহর মৌজার বিএস ৩২৫৭ খতিয়ানের বিএস দাগ নং ৪৩৯৯/ ৪৪০৪/ ৪৪০৩/ ৪৩৯৫/ ৪৩৯৭ এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোহাম্মদ আলী (পিতা-বদিউর রহমান) বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং- চান্দগাঁও মিছ ৭২৪/।
আদালত নালিশি সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে চান্দগাও থানার এসআই আবুল কালাম বিবাদী পক্ষ মো: ছৈয়দুল আলম, সোহেল পারভেজ বাপ্পী, ওমর ফারুক সুমন সহ মোট ৩ জনকে আইনগত নোটিশ প্রদান করেন। নোটিশে স্পষ্টভাবে আদালত কর্তৃক কারণ দর্শানো এবং বিরোধপূর্ণ জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার কথা উল্লেখ করা হয়। ভুক্তভোগী মোহাম্মদ আলীর অভিযোগ, আদালতের নির্দেশ ও পুলিশের পক্ষ থেকে লিখিত নোটিশ দেওয়ার পরও বিবাদীরা তা তোয়াক্কা করছেন না। উল্টো প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ ভূমিতে দ্রুতগতিতে দোতালা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। পুলিশ বাধা দিলেও কাজ বন্ধ না হওয়ায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে চান্দগাও থানার এসআই আবুল কালাম বলেন, আদালতের আদেশ অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। আমি ঈদের ছুটিতে বাড়ীতে তারপরও আমি দেখছি বলে জানিয়েছেন।
অন্যদিকে এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেয়ার পর তিনি জানিয়েছেন বাদীকে থানায় আসতে বলেন। কিন্তু বিবাদী পক্ষ ৫ ধারা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

মন্তব্য করুন