
নিউজগার্ডেন ডেস্ক: তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত সেবা সহজলভ্য ও কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে সংশপ্তক, জিআইজেড (GIZ) এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়িত “Odhikar (অধিকার) – Awareness Drive for Obtaining Valid NID for RMG Workers” প্রকল্পের আওতায় চট্টগ্রামের স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে কারখানা ব্যবস্থাপকদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অদ্য ২০ জুন ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন জিআইজেড-এর অ্যাডভাইজর (Knowledge Management) নাকিব রাজিব আহমেদ, একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন এবং নির্বাচন কমিশনের থানা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক ও প্রতিনিধিবৃন্দ, সংশপ্তকের ডিরেক্টর অগ্রদুত দাশ গুপ্ত এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ । সভাটি সঞ্চালনা করেন জয়নাব বেগম চৌধুরী, সহকারী পরিচালক- (জেন্ডার মেইনস্ট্রিমিং এন্ড সেইফগার্ডিং) সংশপ্তক।
অনুষ্ঠানের শুরুতে সংশপ্তকের প্রধান নির্বাহী জনাব লিটন চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “একটি বৈধ জাতীয় পরিচয়পত্র শুধু নাগরিক পরিচয়ের স্বীকৃতিই নয়, বরং সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর্থিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম। তাই শ্রমিকদের জন্য বৈধ NID নিশ্চিত করা সময়ের দাবি।”
পরে একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন “Odhikar” প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের মধ্যে NID বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান এবং সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
জিআইজেড-এর অ্যাডভাইজর জনাব নাকিব রাজিব আহমেদ তাঁর আলোচনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে বৈধ জাতীয় পরিচয়পত্রের সম্পর্ক তুলে ধরে বলেন, বর্তমান সময়ে প্রায় সব ধরনের সামাজিক সুরক্ষা ও সরকারি সেবা গ্রহণের জন্য একটি বৈধ NID অপরিহার্য। তাই শ্রমিকদের এই সেবার আওতায় আনা সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সভায় বিভিন্ন কারখানার প্রতিনিধিরা শ্রমিকদের NID সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত ব্যক্ত করেন। তারা জানান, জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতা, তথ্য সংশোধন, ঠিকানার অসামঞ্জস্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবের কারণে অনেক শ্রমিক NID সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হন।
পরবর্তীতে নির্বাচন কমিশনের থানা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং NID আবেদন, সংশোধন, পুনঃপ্রাপ্তি ও অন্যান্য সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি শ্রমিকবান্ধব সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং এই খাতের শ্রমিকদের নাগরিক অধিকার ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হলে শ্রমিকরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নাগরিক সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
সভায় অংশগ্রহণকারীরা শ্রমিকদের জন্য NID সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ ধরনের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









