অতিবৃষ্টিতে বিপর্যস্ত মানুষের পাশে চট্টগ্রাম জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা। নগরীর বিভিন্ন এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো ও রান্না করা খাবার, ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা বিতরণের পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।

২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব কবির আহম্মদের পক্ষে আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় পানিবন্দী মানুষের মাঝে জামায়াতের সেবা টিম শুকনো খাবার বিতরণ করে।

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আহমদুল হকের উদ্যোগে ডি.সি. রোড মদিনা আবাসিক এলাকায় বন্যাদুর্গত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর আহমদ মানিক সুপারিওয়ালা পাড়া, বংশালপাড়া, বউবাজারসহ সংলগ্ন এলাকায় পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি মহান আল্লাহর কাছে দুর্গত মানুষের নিরাপত্তা ও এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য দোয়া করেন।

২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের ডবলমুরিং থানার আসকারাবাদ সাংগঠনিক ওয়ার্ডের প্রান্তিক ও যুব বিভাগের উদ্যোগে ভারী বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, ওয়ার্ড আমীর এবিএম সুলাইমান, সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি শফিকুল মাওলা শোভন, অফিস সম্পাদক প্রফেসর আবু রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ৭ ও ৮ জুলাই সাগরিকা, বিটাক, পাঠানপাড়া, কলেজ রোড, আব্দুরপাড়া, এ ব্লক, আই ব্লকসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে ৩৭ নং মুনিরনগর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান উদ্দিন রাজু চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে নগরবাসীর প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “এ দুর্যোগ আমাদের সবার। মানবিক দায়িত্ববোধ থেকে প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায় মানুষের খোঁজখবর নিন। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জরুরি সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ান।”

মন্তব্য করুন