নোংরা রাজনীতি ও শিক্ষকদের মধ্যে বিভেদ আর চাই না: আমিরুজ্জামান

নিউজগার্ডেন ডেস্ক: ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক শিক্ষক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আমীর হোসাইন, মাওলানা আনোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ সিরাজুদ্দৌলা, মীর আবুল কালাম, মাওলানা আহমদ হোসাইন, শামসুল ইসলাম আকাশ, ইকবাল বাহার চৌধুরী, এন. এম. ছাফা এবং অধ্যক্ষ এম. হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান বলেন, জুলাই বিপ্লবে ছাত্র, শ্রমিক, শিক্ষক ও সাধারণ জনগণসহ হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছেন। এই গণঅভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জুলাই-উত্তর বাংলাদেশে প্রতিহিংসা, নোংরা রাজনৈতিক সংস্কৃতি ও বিভাজনের রাজনীতির আর কোনো স্থান নেই। বিশেষ করে শিক্ষাঙ্গনে দলাদলি, হানাহানি ও রাজনৈতিক বৈরিতার পরিবর্তে আদর্শ, নৈতিকতা, পেশাদারিত্ব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত মর্যাদা এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন