স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: আসাদুল হাবিব দুলু

নিউজগার্ডেন ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ বিতরণে বরাদ্দের অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। যারাই দুর্গত, তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এ ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো আমরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলা রয়েছে- কোনোরকম দুর্নীতি, স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই।

ত্রাণমন্ত্রী আরও বলেন, একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের সমস্ত খালগুলোকে পুনর্খনন করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে যে বিপ্লব করেছিলেন, তখন খাদ্যে আমাদের ঘাটতি ছিল। এই খাল কাটার মাধ্যমে খাদ্যে উদ্বৃত্ত হয়েছিল। সেই খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছিল। কিন্তু দীর্ঘসময় খাল খনন না হওয়ায় পানি প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছে।

তিনি বলেন, আজকে আমি স্বচক্ষে সরেজমিনে দেখলাম যে- এই খাল কাটার ফলে অনেকখানি পানি নিষ্কাশন হয়েছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, বর্ষাকালে পানি নিষ্কাশন যেমন হবে, শুকনো মৌসুমে পানি ধরে রাখব আমরা। খালের পাড়ে আমরা গাছ লাগাব। খালের বাকি অংশটার কাজ যাতে সামনের শুকনো মৌসুমে সম্পন্ন হয় সেজন্য আমার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিব। খালটাকে আরও সুন্দর করার জন্য আমি নির্দেশনা দিয়ে গেলাম।

এসময় বাঁশখালীর এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন