
নিউজগর্ডেন ডেস্ক: জাতীয় সংসদের সদস্যগণের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ সমর্থনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর পরিচালকমন্ডলী তথা চট্টগ্রামসহ দেশের সকল ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাজের পক্ষে সভাপতি মোহাম্মদ আমিরুল হক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২১ আগস্ট সন্ধ্যায় এক পত্র প্রেরণ করেন।
অভিনন্দন পত্রে চিটাগাং চেম্বার সভাপতি বলেন-প্রথম জীবনে ছাত্র রাজনীতি, এরপর শিক্ষকতার মহান পেশাগত অধ্যায় ও পরবর্তীতে পুনরায় জাতীয় রাজনীতিতে সম্পৃক্ততা এবং একজন স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন অবিসংবাদিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ঠাকুরগাঁও পৌর মেয়র থেকে শুরু করে একে একে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী ও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আপনার এই গৌরবোজ্জ্বল অভিযাত্রা নিঃসন্দেহে সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। স্বনামধন্য ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে আপনার পারিবারিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, ধৈর্য্য, মেধা, প্রজ্ঞা ও আদর্শের পাশাপাশি সৌজন্যবোধ, সদালাপী ও মৃদুভাষী স্বভাব আপনাকে একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে। অপরদিকে, আপনার দেশ ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক আদর্শবোধ, জনসেবার অঙ্গীকারাবদ্ধ নিবেদিতপ্রাণ মানসিকতা ও কর্মকান্ড আপনাকে অধিষ্ঠিত করেছে স্বতন্ত্র মর্যাদায়।
আপনার এই অনন্যসাধারণ চারিত্রিক গুণাবলী, বিচক্ষণতা, দূরদর্শিতা ও অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে এক অদ্বিতীয় শক্তির উৎস হিসেবে কাজ করবে এবং দেশ ও জাতির জন্য একটি উদার, দায়িত্বশীল ও কল্যাণমুখী নেতৃত্বের অনুপ্রেরণা জোগাবে। এতে করে রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও সুদৃঢ় হবে এবং দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আমাদের বিশ্বাস- তিনি বলেন।
তিনি আরও উল্লেখ করেন-দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও জাতীয় অর্থনীতির বিকাশে মহামান্য রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে। ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার বর্তমান সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়নে বেসরকারি খাত তথা বিনিয়োগ ও শিল্পায়নের অবদান অপরিসীম। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ব্যবসার সহজীকরণ ও পরিচালন ব্যয় হ্রাস, বিনিয়োগের আস্থা বৃদ্ধি ও দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে আপনার অভিভাবকত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে, অর্থনীতির প্রবেশদ্বার (ইকোনমিক গেটওয়ে)-চট্টগ্রামের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকান্ডকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির অতি মূল্যবান দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবে। তাই, দেশের স্বার্থে, জাতীয় অর্থনীতির স্বার্থে বেসরকারি খাতের প্রয়োজনীয় অবদানকে সুনিশ্চিত করতে ব্যবসায়ী-উদ্যোক্তাগণের পক্ষে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাস্তবমুখী মূল্যবান দিকনির্দেশনা বিনীতভাবে কামনা করেন চিটাগাং চেম্বার সভাপতি আমিরুল হক।









