
নিউজগার্ডেন ডেস্ক: মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত ‘মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একজন পরিচ্ছন্ন ও দক্ষ সরকারী কর্মকর্তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক ও সনদপত্র প্রদান করা হয়। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কর্তৃক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন রাষ্ট্রীয়একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা। এতে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উপদেষ্টা এ টি এম মমতাজুল করিম।
উল্লেখ্য যে, মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত আরিফ হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র। তিনি ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ে জনসেবার পাশাপাশি তার নিজ এলাকায় জনসেবামূলক কাজে সহযোগিতা করে আসছেন। আরিফ হোসেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।









