
চট্টগ্রাম, ৬ নভেম্বর ২০২৬: বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও বহু মাদ্রাসার দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত হাফেজ মাওলানা ক্বারী আজগর হোসাইনের (রহ.) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, হাফেজ মাওলানা ক্বারী আজগর হোসাইনের (রহ.) ইন্তেকালে আমরা একজন প্রাজ্ঞ আলেম, নিবেদিতপ্রাণ দ্বীনি শিক্ষানুরাগী ও ইসলামী জ্ঞানচর্চার একনিষ্ঠ খাদেমকে হারালাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ব্রেন স্ট্রোকজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি বন্দর মোহাম্মদিয়া মাদ্রাসাসংলগ্ন তাঁর মেয়ের বাসায় অবস্থান করছিলেন।
মরহুম হাফেজ মাওলানা ক্বারী আজগর হোসাইন (রহ.) সৈয়দ মাওলানা শাহ মিয়াঁ আজগর হোসাইনের (রহ.) অন্যতম খলিফা ছিলেন। তিনি সাতকানিয়া ছমদর পাড়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাতকানিয়া শাহী জামে মসজিদের দীর্ঘদিনের খতিব, সাতকানিয়ার সর্বজনশ্রদ্ধেয় শাহ সাহেব হিসেবে পরিচিত মরহুম শাহ মাওলানা মোখলেছুর রহমানের (রহ.) তৃতীয় পুত্র। তিনি চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সম্মানিত মাতার ছোট ভাই ছিলেন।
তিনি আরও বলেন, পোকখালী এমদাদুল উলুম মাদ্রাসার ভিত্তি স্থাপনে হাফেজ মাওলানা ক্বারী আজগর হোসাইনের (রহ.) গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জীবনের দীর্ঘ সময় তিনি বিভিন্ন মাদ্রাসা ও হিফজখানায় দ্বীনি শিক্ষার প্রসার এবং কোরআন-হাদিসের তা’লিমের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি নানুপুর বড় মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও দাওরায়ে ফিকহ সম্পন্ন করেন। তাঁর ইলমি খেদমত, দ্বীনি অবদান ও আদর্শ আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় মুহাম্মদ নজরুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এ শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ মাগরিব সাতকানিয়ায় তাঁর নিজ বাসভবনের পাশে টিঅ্যান্ডটি অফিসসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।









