
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার (৫ নভেম্বর)শুরু হচ্ছে। চট্টগ্রাম মহানগরের শহীদ শাহজাহান মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৪টি দল।
চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা ও ট্রফি, রানার্সআপ দল পাবে এক লাখ টাকা। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার বেলা ১টায়। প্রথম ম্যাচে বেলা দেড়টায় মুখোমুখি হবে দুর্বার সংঘ ও চট্টগ্রাম-১১। আগামী ২৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ হাজার টাকা।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির পরিচালক ও ক্রীড়া সংগঠক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ও চট্টগ্রামের সংসদ সদস্যরা।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরীকে সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলন শেষে অতিথি ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট উপলক্ষে শহীদ শাহজাহান মাঠে দুই পাশে নেট, এলইডি লাইট স্থাপন এবং পিচ সংস্কারের কাজ করা হয়েছে।
আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’-তে রয়েছে দুর্বার সংঘ, রায়হান স্পোর্টস ও চট্টগ্রাম-১১। গ্রুপ ‘বি’-তে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। গ্রুপ ‘সি’-তে আসওয়াদ ক্রিকেট একাডেমি, চিটাগং রেলওয়ে ক্রিকেট টিম ও ওসিএস ফিউচার স্পোর্টস। গ্রুপ ‘ডি’-তে সাইনিং স্পোর্টস একাডেমি, হাজী ক্যাম্প একাদশ ও ইস্পাহানি রয়েল ব্রাদার্স।
গ্রুপ ‘ই’-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নিও ক্রিকেট একাডেমি ও আলো সিঁড়ি ক্লাব। গ্রুপ ‘এফ’-এ হাক্কানি একাদশ, চিটাগাং ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গ্রুপ ‘জি’-তে পাহাড়তলী স্পোর্টিং ক্লাব, সিএস স্পোর্টস একাডেমি ও চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি। গ্রুপ ‘এইচ’-এ এমএস ক্রিকেট একাডেমি, মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ ও নিউ স্টার ক্রিকেট একাডেমি।









