গার্মেন্টস শ্রমিকদের কাঁধে বন্দুক রেখে ‘ডিসেম্বর ফর্মুলা’ বাস্তবায়ন করতে দেওয়া হবে না: নাজিম উদ্দিন

নিউজগার্ডেন ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করে বর্তমান সরকারের গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রামের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক মূল্যায়ন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

এ এম নাজিম উদ্দিন বলেন, বর্তমান সরকার শ্রমিক-জনতার ভোটে নির্বাচিত সরকার। এ সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা বিভিন্নভাবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে চক্রান্ত করছে। সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চলছে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শ্রমিকদের কাঁধে বন্দুক রেখে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল কিংবা তথাকথিত ‘ডিসেম্বর ফর্মুলা’ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। তাই অযৌক্তিক আন্দোলন-সংগ্রামের প্রয়োজন আছে বলে মনে করি না।

সভায় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ শিল্প দেশের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। এ সরকারের বিরুদ্ধে যেন কোনো ধরনের শ্রমিকবিদ্বেষী কর্মকাণ্ডের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিজিএমইএর কালো তালিকাভুক্ত শ্রমিকদের বেকারত্ব থেকে রক্ষা করে পুনরায় চাকরিতে যোগদানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহানেওয়াজ চৌধুরী ও এস এম আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুববিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব।

এ ছাড়া খুলশী থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলাল, বাকলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, খুলশী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, গার্মেন্টস শ্রমিক নেত্রী ফাতেমা বেগম তানিয়া, বাইন্ডিং শ্রমিক দলের নেতা মোহাম্মদ জহুর, গার্মেন্টস শ্রমিক নেত্রী জান্নাতুল ফেরদৌস রুবি ও সাবিনা সুলতানাসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন