নুরুন্নাহার বেগমের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক, জানাযায় নেতৃবৃন্দের অংশগ্রহণ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক অফিস সেক্রেটারি মরহুম মাস্টার হুমায়ূন কবির (রহ.)-এর সহধর্মিণী, চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের সেক্রেটারি মিসেস ফরিদা খানমের মা এবং মহানগরীর প্রবীণ দায়িত্বশীলা মুহতারামা নুরুন্নাহার বেগম গত রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মুহতারামা নুরুন্নাহার বেগমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন দ্বীনদার, পরহেজগার ও দায়িত্বশীলা নারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং ইসলামী আন্দোলনের সহকর্মীরা একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত কন্যা মিসেস ফরিদা খানমসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

এদিকে, ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের বেপারীপাড়া, গুলবাগ, ফুলকলির পশ্চিম পাশে, এক্সেস রোড, ডবলমুরিংয়ে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান এবং ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ এম তাহের।

এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর ফারুক আজম, সদরঘাট থানা আমীর আবদুর গফুর, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, ডবলমুরিং থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, হালিশহর থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ২৪ নম্বর ওয়ার্ড আমীর ইমরানুল হক, ২৩ নম্বর ওয়ার্ড আমীর আবদুর রহিম, ২৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমান এবং ডবলমুরিং থানা কর্মপরিষদ সদস্য মামুনুর রশীদসহ জামায়াতে ইসলামী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। আমিন।

মন্তব্য করুন