
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর ধোপপুল এলাকার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র মসজিদ-এ নূর জামে মসজিদের সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাদ আসর ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মসজিদটির সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের রাজনৈতিক সচিব মো. আকবর আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইলিয়াস, কানাডা প্রবাসী মো. জয়নাল আবেদীন চৌধুরী, আমেরিকা প্রবাসী নাজিম উদ্দিন চৌধুরী, মো. জসিম উদ্দীন চৌধুরী, মো. মঈন উদ্দীন চৌধুরী, মো. শহিদুল হক চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, মো. ইমরান, মসজিদের ইমাম শিহাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। মসজিদ-এ নূর জামে মসজিদের সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।
অনুষ্ঠানে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকাবাসী, প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ এবং সার্বিক সমর্থন কামনা করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









