কর্ণফুলীতে ওসি তদন্ত সেজে টাকা দাবি, বাকলিয়ায় মিলল প্রতারণার ফোনের অবস্থান!

কখনো মসজিদ, কখনো থানা উন্নয়ন—পুলিশের নাম ভাঙিয়ে টাকা দাবি!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে। মসজিদ উন্নয়ন ও থানার অবকাঠামো উন্নয়নের কথা বলে টাকা চাওয়া হচ্ছিল।

এ ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। জিডি নোট নম্বর-১০০২। প্রাথমিক অনুসন্ধানে নম্বরটির অবস্থান চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক ১৯ নভেম্বর এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ০১৩৫৪-১৬৪২৩১ নম্বর থেকে কর্ণফুলী থানাধীন বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিচয় দেওয়া হয়। পরে মসজিদ উন্নয়ন, থানার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন অজুহাতে বিভিন্ন অঙ্কের টাকা পাঠানোর অনুরোধ করা হয়।

পুলিশের অনুসন্ধান অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল ৩টা ২৫ মিনিট ৪৫ সেকেন্ডে ০১৩৫৪১৬৪২৩১ নম্বরটির অবস্থান পাওয়া যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নতুন চাক্তাইয়ের আমানত সিদ্দিক টাওয়ার এলাকায়।

একই সময়ে নম্বরটি ০১৭২৬-২৯০০৯৪ নম্বরে কথোপকথন করেছে বলেও তথ্য পাওয়া গেছে। ওই নম্বরটি আনোয়ারা বেগম নামে এক নারীর বলে জানা গেছে।

অন্যদিকে, প্রতারণার অভিযোগে ব্যবহৃত ০১৩৫৪-১৬৪২৩১ নম্বরটির নিবন্ধিত মালিক হিসেবে সোহেল নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর পিতার নাম মো. আয়ুব এবং মাতার নাম ফাতেমা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর এলাকায় বলে অনুসন্ধানে জানা গেছে।

তবে সিমের নিবন্ধিত মালিকই ফোন করে প্রতারণা করেছেন, এমন কোনো তথ্য এখনো নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বরও সঙ্গত কারণে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক জানান, এ ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতারণার কাজে ব্যবহৃত নম্বরটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্ণফুলীর সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কোনো থানার কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন না বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, এর আগেও কর্ণফুলী থানার বিভিন্ন সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নাম ভাঙিয়ে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিকাশে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে পুলিশের পরিচয় ব্যবহার করে অর্থ দাবি করার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন