
নিউজগার্ডেন ডেস্ক: মেধাবী শিক্ষার্থীদের বিকাশে লেখাপড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আর্থিক অভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন পেশকার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ ওসমান গনী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইফতেখারুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মুহাম্মদ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজা উদ্দিন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক অভিভাবক সদস্য মুহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ওসমান গনী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতন তদারকি শিক্ষার্থীদের সাফল্যের পথ সুগম করতে পারে।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করবেন। আগামী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করো। বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান উজ্জ্বল করতে পারলে তোমাদের জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান ও শিক্ষিকা মিসেস পূজা বড়ুয়া। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান।









